নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিটনরা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বৃষ্টি ছিল গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সবচেয়ে আলোচিত ঘটনা। চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের জন্য এই বৃষ্টি অনেকটা আশীর্বাদের মতোই। অনেক দিন ধরেই পর্যাপ্ত পানি না পেয়ে মাঠের ঘাসের প্রাণ ছিল ওষ্ঠাগত প্রায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কিছু পানি মিললেও যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। এই বৃষ্টি সেখানে প্রাণের ছোঁয়া আনবে আপাতত। অবশ্য বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ কেবল নিউজিল্যান্ডই নয়, বৃষ্টিও। চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। মঙ্গলবার দিনভর তুমুল বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এই বৃষ্টি আজও স্থায়ী হতে পারে। সেটি হলে সিরিজ জয়ের মিশনটা দীর্ঘায়িত হতে পারে স্বাগতিকদের। বাংলাদেশ দলের অনুশীলন ছিল না এ দিন। বৃষ্টিতে তাই পরিকল্পনার কোনো ব্যাঘাত ঘটেনি। আবহাওয়া একটু শীতল হওয়ায় একটু আরাম পাওয়ার কথা তাদেরও। জয় দিয়ে টিটোয়েন্টি সিরিজ শুরু করতে পারায় দল এমনিতেও অবশ্য ফুরফুরে আছে। তিন ম্যাচ সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে থেকেই স্বাগতিক বাংলাদেশ আজ বুধবার দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টিটোয়েন্টিতে জয়ের জন্য মরিয়া সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় এই ম্যাচ। নাগরিক টিভি এবং টিস্পোর্টস খেলাটি দেখাবে। নিউজিল্যান্ড দলের ঐচ্ছিক অনুশীলন ছিল গতকাল মঙ্গলবার দুপুর ১২টায়। স্রেফ তিনজন ক্রিকেটার গিয়েছিলেন। বৃষ্টির কারণে ইনডোরেই সীমাবদ্ধ অনুশীলন করেছে তারা। অনুশীলন কিছুটা ব্যাহত হলেও এই বৃষ্টিতে দারুণ স্বস্তিই পাওয়ার কথা কিউইদের। তীব্র গরম থেকে আপাতত যে মুক্তি মিলেছে। গত ম্যাচের পর অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে বলেন, আমরা এই ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চাই। এদিকে অফ স্পিনার শেখ মেহেদি হাসান বোলারদের ভূমিকার প্রশংসা করেছেন।

যদি উইকেট ঠিকঠাক পড়া যায়, তাহলে আমি বলব বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক বছর বা দেড় বছরে স্পিনাররা সত্যিই দাপুটে পারফরম্যান্স করে আসছে। এমনকি বিদেশের কন্ডিশনেও স্পিনাররা ভালো করেছে, রিশাদ, নাসুম, আমি, যে সুযোগ পাচ্ছে, ভালো করছে। স্পিনারদের ভূমিকা এখানে সবসময়ই বড়। তবে এটা সহজ নয়, চ্যালেঞ্জ সবসময়ই থাকে। কখনো ভালো যায়, কখনো খারাপ যায়এটাই ক্রিকেট। এখান থেকেই সবাই শেখে। প্রথম ম্যাচের একাদশ থেকে ব্যাটিং লাইন আপে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দ্বিতীয় ম্যাচে। স্পিন আক্রমণেও রিশাদ ও শেখ মেহেদিই থাকবেন নিশ্চিতভাবে। কোনো পরিবর্তন আনা হলে, সেটি হতে পারে কেবল পেস আক্রমণেই। জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নেমে পেসার রিপন মন্ডল ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকে। তবে দারুণ কয়েকটি ইয়র্কার তার হাত থেকে বেরিয়েছে এ দিন। শেষ ওভারে তো দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ইসলাম ও তানজিম হাসানের একজনের বদল মোহাম্মদ সাইফ উদ্দিনকে খেলানোর একটা ভাবনা থাকতে পারে দলের। দ্বিতীয় ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে মিরপুরে আব্দুল গাফফার সাকলাইনকে বাজিয়ে দেখা হতে পারে। নিউজিল্যান্ড চাইবে প্রথম ম্যাচে চোটের কারণে না খেলা অধিনায়ক টম ল্যাথামকে দ্বিতীয় ম্যাচে ফিরে পেতে। পরিবর্তন আসতে পারে তাদের পেস আক্রমণেও। প্রথম ম্যাচে অভিষেকে ১ ওভারে ২৫ রানসহ ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন ম্যাট ফিশার। প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি বলেছিলেন, এই ম্যাচের শিক্ষাগুলো কাজে লাগিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়বেন তারা। লিটন দাসের লক্ষ্য অবশ্য পরিষ্কার, শুধু সিরিজ জয় নয়, জিততে চান তিন ম্যাচই। প্রথম ম্যাচে জয়ের পর তিনি বলেছেন, ‘আরও দুটি ম্যাচ জিততে হবে, চলো কাজটা শেষ করি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ।

২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ ১১ সমতায় শেষ হয়। এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহায়ও দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পরবর্তী নিবন্ধজামায়াতকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা