নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান। নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। খবর বিডিনিউজের।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘একজন এএসআই ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর কয়েকজন হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন।’












