নতুন প্রজন্মকে সততা নিয়ে এগিয়ে যেতে হবে : আবু সুফিয়ান

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি অনুষ্ঠান

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

আমরা একটি স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে অনেক ত্যাগতিতিক্ষা ও রক্ত দিতে হয়েছে। তাই সেই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়।”

গতকাল শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আলআমিন সংঘের উদ্যোগে আয়োজিত ১৫তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান এসব কথা বলেছেন। এমপি আবু সুফিয়ান বলেন, আজ যারা পুরস্কার পেয়েছ, তোমাদের সততা, নিষ্ঠা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই পারে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। উদ্বোধক ছিলেন আলআমিন সংঘের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বৃত্তির পরিচালক জহির উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া স্মৃতি কমিটির উপদেষ্টা এস. এম. শোয়াইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এমদাদুল হক বাদশাহ, ইলিয়াস আরব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস এবং নাহার এগ্রো গ্রুপের ডিএমজি আলাউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা, ব্যবসা ও নগর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। গুণীজন সম্মাননায় ভূষিত হন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম। ব্যবসায় খাতে সম্মাননা গ্রহণ করেন ব্লু স্কাই ফ্যাশন লিমিটেডের পরিচালক মো. আসলাম। নগর উন্নয়ন খাতে সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরীকে। এছাড়া অনুষ্ঠানে তিনজন মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয় এবং চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীর হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ নারী আটক