নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

একটি কাপ্তাই জাতীয় উদ্যানে আরেকটি ধোপাছড়ি অভয়ারণ্যে

রাঙ্গামাটি প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন গবেষকরা। এর মধ্যে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি এবং চট্টগ্রামের দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে আরেকটি। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে নতুন যে প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন গবেষকেরা, সেটির নাম স্ট্রাইপড কিলব্যাক, বৈজ্ঞানিক নাম ঐবনরঁং ঢ়ধৎধষষবষঁং। সাপটির গায়ের রং গাঢ় বাদামি। শরীরের দুই পাশে মাথা থেকে লেজ পর্যন্ত চলে গেছে লম্বা ডোরা। পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও গাছের নিচে জমে থাকা শুকনা পাতার মধ্যে বিচরণ করে এই সাপ।

এর আগে বাংলাদেশে সাপটির উপস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছিলেন গবেষকরা। এবার কাপ্তাই জাতীয় উদ্যানে পাহাড়ি ছড়াসংলগ্ন এলাকায় সাপটির সন্ধান মিলল। এর একটি নমুনা সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যেও সন্ধান মিলেছে আরেক প্রজাতির সাপের। বাদামি রঙের সাপটির ঘাড়ের পেছনে রয়েছে লাল টিপের মতো দাগ। এ কারণে এর নাম দেওয়া হয়েছে বিন্দি কিলব্যাক। ইংরেজি নাম ইরহফবব কববষনধপশ ঝহধশব। আর বৈজ্ঞানিক নাম জযধনফড়ঢ়যরং নরহফর।

বিশ্বব্যাংকের অর্থায়নে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় গবেষণাটি করা হয় ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর গবেষণাপত্রটি চলতি বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভাল্যুশন’–এ প্রকাশিত হয়েছে। এ গবেষকদলে ছিলেন বন অধিদপ্তরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা, চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত।

গবেষণায় এই দুটি বন ও আশপাশের এলাকায় ৩৬ প্রজাতির ২০৮টি সাপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৫ দিন সাপের সন্ধানে দিন ও রাতে জরিপ চালানো হয়। পাহাড়ি ছড়া, প্রাকৃতিক বন, সড়কের পাশের ঝোপঝাড়, এমনকি লোকালয়েও সাপের সন্ধান করেছেন গবেষকরা। সব মিলিয়ে জরিপ করেছেন ৪৮৮ কিলোমিটার পথ। গবেষকদের ধারণা, আরও নিবিড় গবেষণা সম্ভব হলে এসব বনে আরও নতুন প্রজাতির সাপের সন্ধান মিলতে পারে। গবেষণাপত্রে চার প্রজাতির সাপকে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুটি প্রজাতির সাপ নিয়ে গত বছরের সেপ্টেম্বরে আলাদা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন গবেষকরা। সাপ দুটির বৈজ্ঞানিক নাম উবহফৎবষধঢ়যরং যধধংর ও উবহফৎবষধঢ়যরং পুধহড়পযষড়ৎরং। দুটি সাপই মূলত গাছে বিচরণ করে।

গবেষকদলের প্রধান বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা বলেন, চার প্রজাতির নতুন সাপ শনাক্ত হয়েছে গবেষণায়। এর মধ্যে দুটি নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে আলাদা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেই দুটি প্রজাতি গাছে থাকা সাপ। এ দুটি সাপ আগে বাংলাদেশে শনাক্ত হয়নি। এগুলোর বাংলা নাম নেই। স্থানীয়রা বিভিন্ন নামে ডাকেন।

সবশেষ ১৭ নভেম্বর যে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাতে আরও দুটি নতুন প্রজাতির তথ্য প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্ট্রাইপড কিলব্যাক ও বিন্দি কিলব্যাক–এ দুটি সাপের প্রজাতি বাংলাদেশে এই প্রথম শনাক্ত হয়েছে। এর মধ্যে বিন্দি কিলব্যাক প্রজাতিটি বান্দরবানের রুমায় আগে একবার দেখা গিয়েছিল। তবে সেটির আর কোনো তথ্য আসছিল না। এবার সায়েন্টিফিক এভিডেন্সসহ শনাক্ত করা হয়েছে। জেনেটিক অ্যানালাইসিসও করা হয়েছে।

নতুন প্রজাতির সাপের সন্ধান পাওয়ার পর এগুলোর শারীরিক বৈশিষ্ট্য, আবাসস্থল ও অবস্থান নথিভুক্ত করেছেন গবেষকরা। যেসব সাপ শনাক্ত করা কঠিন সেগুলোর ক্ষেত্রে ডিএনএ বিশ্লেষণের পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। এ কাজ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের এই বনগুলোতে শুধুমাত্র সাপের সন্ধানে গবেষণা এই প্রথম। আমরা যেসব প্রজাতির সন্ধান পেয়েছি তার মধ্যে ১০টির ডিএনএ অ্যানালাইসিসও করা হয়েছে।

ভালো নেই সাপের আবাসস্থল : গবেষণায় সাপের নতুন নতুন প্রজাতির খোঁজ মিললেও ভালো নেই তাদের আবাসস্থল। বনের পাশ দিয়ে সড়ক নির্মাণ, বন উজাড়, বনে আগুন, কৃষি জমির সম্প্রসারণ ও দূষণের কারণে হুমকির মুখে পড়ছে সাপের অস্তিত্ব। গবেষণা চলাকালে এক বছরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া ২৫টি সাপের সন্ধান পেয়েছেন গবেষকরা। এর মধ্যে দেশে অতি বিপন্ন প্রজাতির অজগরও রয়েছে।

কাপ্তাই জাতীয় উদ্যানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া ১৮টি সাপের সন্ধান পেয়েছেন গবেষকরা। দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে পাওয়া গেছে আরও সাতটি। কাপ্তাইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রেটিকুলেটেড পাইথন নামের এক প্রজাতির অজগরও। বাংলাদেশে এই প্রজাতির অজগরকে অতি বিপন্ন হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে তা সাপের জন্য ঝুঁকি বাড়িয়েছে। গাড়ি চাপায় নিয়মিত সাপ মারা যাচ্ছে। আর দুধপুকুরিয়ার বনে চাষাবাদ বেড়েছে। সেখানে বনের ভিতর লেবু ও আনারসসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রবণতায় পরিবর্তনের কারণে আগামী কয়েক দশকে সাপের বসবাসের উপযোগী পরিবেশ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের ইন্টারন্যাশনাল কনফারেন্স
পরবর্তী নিবন্ধঅঘ্রান এলো