নগরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য দপ্তর। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার হালিশহর পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
এ সময় তিনি বলেন– ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার উদ্যোগে মৎস্য বিপ্লবের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই মহতী অনুষ্ঠান। তিনি বলেন, জীব বৈচিত্র্য রক্ষার জন্য সকলকেই যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। আজকে যে পোনা অবমুক্ত করা হলো তার প্রধান উদ্দেশ্য হলো জীববৈচিত্র্য রক্ষা করা, মৎস্য উৎপাদন বৃদ্ধি করে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আমিষের চাহিদা পূরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ–বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বায়েজিদ বোস্তামী মাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানিক পুকুরের জন্য ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।












