নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না : প্রশাসক

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

গতকাল বুধবার সকালে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী অপসারণের মাধ্যমে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরীর সৌন্দর্য নষ্ট করা যাবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত সময়েই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা