দ. আফ্রিকার বড় সংগ্রহের জবাবে তিন উইকেটে ১৪৫ রান বাংলাদেশের

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেও অনুজ্জ্বল বাংলাদেশ ইমার্জিং দলের পারফরম্যান্স। এদিনও বল হাতে প্রতিপক্ষকে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি কেউ। স্বাগতিকদের বড় সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমেও সফরকারীরা নেই সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশের টপ অর্ডারের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পচেস্ফট্রুমে সোমবার দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও তারা পিছিয়ে আছে ৩৭৪ রানে। আগের দিন সেলেটসওয়েনের সঙ্গে গড়া অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে আরও ১০৯ রান যোগ করেন ফন বুরেন। আশরাফুল হাসান রোহানের বলে তিনি ১৭১ রানে ফিরলে ভাঙে জুটি। তার ২৩৫ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে। পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করেন সেলেটসওয়েন ও আন্দিলে সিমিলেন। ১৬ রানে ইকবাল হোসেন ইমনের বলে ফিরে যান সিমিলেন। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। সেলেটসওয়েনের ১৫০ পূর্ণ হলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে ইকবাল ৭৬ রানে নেন তিন উইকেট। ব্যাট হাতে শুরুটা একদমই ভালো হয়নি সফরকারীদের; ৬৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কেউ খেলতে পারেননি বড় ইনিংস। তিনজনই ইয়ানকো স্মিটের শিকার। ওপেনার শাহাদাত হোসেন ২৩ ও জাকির হাসান করেন ২৯ রান। তিনে নামা মাহফিজুল ইসলাম ফেরেন ৯ রানে। কোণঠাসা দলকে টেনে তোলার চেষ্টায় আছেন মাহিদুল ইসলাম ও ইফতেখার হোসেন ইফতি। দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ৮২ রান। ইফতেখার ৩৬ ও মাহিদুল ৪৩ রানে অপরাজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো ঢাকা আবাহনী
পরবর্তী নিবন্ধফুটবল টাইগারপাস ও আইয়ুব বিবি স্কুলের জয়