অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ফ্লাইট বিড়ম্বনার কারণে ৬ ঘণ্টার রাস্তা পৌঁছাতে লাগে তাদের ১৪ ঘণ্টা। স্থানীয় সময় ভোর ৫টার ফ্লাইটে ডারউইন থেকে ম্যাকায়ার উদ্দেশে রওয়ানা হন শান্ত–মিরাজরা। এরপর সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পৌঁছেছেন তারা। বিমানবন্দর ছাড়ার সময় ক্রিকেটারদের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা গেছে। দলের সঙ্গে সব সদস্যই ছিলেন একই ফ্লাইটে। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট জিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ভারত ছাড়া এশিয়ার কোনো দলই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে অজিদের ডেরায় সিরিজ জিততে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলার পর ৭১ বছর পর, ২০১৮ সালে এসে সিরিজ জিতে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় সফরেই সিরিজ জয়ের সুযোগ উঁকি মারছে বাংলাদেশের সামনে। অজিদের বিপক্ষে সিরিজ জিততে শেষ টেস্ট ড্র বা জিতলেই হবে টাইগারদের। তবে হেরে গেলেও সিরিজ হারবে না বাংলাদেশ। তখন ১–১ সমতা সিরিজ শেষ করতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক বড় অর্জন হিসেবে লিপিবদ্ধ থাকবে।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট বিক্রির গ্রাফও উর্ধ্বমুখি। দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে। ইতোমধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক বার্তায় এ খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, ‘ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’।’ এমনকি টেস্টের বাকি দিনগুলোর টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সিএ। এজন্য দ্রুত টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান জানিয়েছে সিএ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের জয় দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের উত্তেজনা ও আগ্রহ অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে পথচলা শুরু হবে ম্যাকাইয়ের। এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। এই ভেন্যুতে এখন পর্যন্ত ২টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া নারীদের ওয়ানডে ও টি–টোয়েন্টির পাশাপাশি অনূর্ধ্ব–১৯ দলেরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাকাই টেস্ট ড্র করতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ে স্বাদ নেবে বাংলাদেশ। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের সিরিজ ১–১ সমতায় শেষ করেছিল টাইগাররা।












