দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ১৯৪৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু ও ১ হাজার ১৪৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে অধিদপ্তর।
সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৪৮ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হন ৭১৯ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১২ জন, চট্টগ্রামে ৩৪৩ জন, খুলনায় ২৪৮ জন, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ২১১, রংপুরে ৯৯ ও সিলেটে ১৪ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে মোট ৭৯ হাজার ৬২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।
হাম : সরকারের হিসাবে, গত সাড়ে ছয় মাসে হামের উপসর্গ নিয়ে ১০০৭ জনের মৃত্যু হলো। এর বাইরে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। গতকাল অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছে। সবচেয়ে বেশি, ৪৫২ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৮ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৫, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। মারা যাওয়া রোগীর সবাই প্রায় শিশু।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২১ জন হামের উসর্গ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ভর্তি হয় এক হাজার ১৪৫ জন।












