চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) পরিচালনা পর্ষদ এবং সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো। সিএমসিসিআই সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী এবং পরিচালক জনাব হাকিম আলী সহ সাধারণ সদস্যবৃন্দ।
সভায় মেট্রোপলিটন নেতৃবৃন্দ দু’দেশের ব্যবসা বাণিজ্যের আরও সম্প্রসারণ এবং উভয় দেশের ব্যবসায়ী এবং জনগণের যাতায়াতের ক্ষেত্রে দু’দেশের মধ্যে নৌ এবং আকাশ পথে অন্য কোনো দেশের মধ্যে ট্রানজিট ছাড়া সরাসরি ফ্লাইট চলাচলের আহ্বান জানান। দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের সরকারি পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে তা আরও সহজ করা যায় সে ব্যাপারে ভূমিকা রাকতে মিয়নমারের রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়। রাষ্ট্রদূত এ সকল বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে সিএমসিসিআই’কে অবহিত করেন।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিএমসিসিআই সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে একসাথে কাজ করবেন, এ আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













