দুই প্রকল্পের পানি উৎপাদন দ্বিগুণ করতে চায় ওয়াসা

ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার ফেইজ-২ দক্ষিণ কোরিয়ার আগ্রহ

শুকলাল দাশ | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ বাড়াতে ওয়াসার ভান্ডালজুড়ি এবং কালুরঘাট মোহরা শোধনাগার এক্সটেনশন প্রকল্প (দুই প্রকল্পের উৎপাদন দ্বিগুণ করা) বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনসহ প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে ওয়াসার প্রস্তাবে কোরিয়ার পক্ষ থেকে এই দুই এক্সটেনশন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের এঙটেনশন নিয়ে জোর দেওয়া হয়। ওয়াসা ভান্ডালজুড়ি প্রকল্প ফেইজ–২ করে পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহ করা এবং কালুরঘাট মোহরা প্রকল্পের ফেইজ–২ প্রকল্প নিয়ে উৎপাদন দ্বিগুণ করার চিন্তা করছে। এ বিষয়ে কোরিয়ার সরকারের সহযোগিতা চাওয়া হয়। পরিচালক চোই জংওন ওয়াসার প্রকল্পসমূহে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে ওয়াসার পানি উৎপাদন বাড়বে এবং প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনের নেতৃত্বে কোরিয়ার একটি প্রতিনিধিদল ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ওয়াসার সাথে কোরিয়ার সরকারের সহযোগিতায় চলমান প্রকল্প ও ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। কোরিয়ার সরকারের সহযোগিতায় ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের জন্য বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে। চট্টগ্রাম ওয়াসা বর্তমানে নগরীতে সুপেয় পানি সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ এবং মোহরা পানি শোধনাাগর প্রকল্পের উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে ফেইজ–২ প্রকল্প গ্রহণ করেছে। বৈঠকে দুই এক্সটেনশন প্রকল্পে সহযোগিতার প্রস্তাবনা দেওয়া হলে কোরিয়ার সরকার অর্থায়নে আগ্রহ প্রকাশ করে বলে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলী জানান।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, কোরিয়ান সরকারের সহযোগিতায় ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে তারা আরো প্রকল্পে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ওয়াসার পক্ষ থেকে ভান্ডালজুড়ি ও মোহরা এঙটেনশন প্রকল্প নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এই দুই এঙটেনশন প্রকল্পে সহযোগিতার বিষয়ে কোরিয়ান সরকারের মনোভাব ইতিবাচক। আশা করছি, শীঘ্রই আমরা প্রকল্পগুলো নিয়ে কাজ করতে পারব। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে মহানগরে পানি সরবরাহ আরো বাড়বে এবং ওয়াসার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ।

পূর্ববর্তী নিবন্ধগেট নেই, গেটম্যান নেই; ঝোঁপের কারণে দেখা যায় না ট্রেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি