দিবালোকে কাটা হচ্ছে সংরক্ষিত বনের গাছ

কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ

ছোটন কান্তি নাথ, চকরিয়া | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করার হিড়িক পড়েছে। কোথাও বনবিটের একেবারে অদূরে এবং আবার কোথাও গহীন বনের ভেতর থেকে প্রকাশ্য দিবালোকে কেটে নেওয়া হচ্ছে সংরক্ষিত বনভূমির এসব গাছ। আবার দখলে নেওয়া সংরক্ষিত বনভূমি থেকেও গাছ সাবাড় করার ঘটনাও বাদ যাচ্ছে না।

পরিবেশ সচেতন লোকজনের ভাষ্য, এ অবস্থায় কক্সবাজার উত্তর বনবিভাগের মানিকপুর, কাকারা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা এবং চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের নিয়ন্ত্রণাধীন বারবাকিয়া রেঞ্জের পহরচাঁদা, হারবাং ও বরইতলী বনবিটের সংরক্ষিত বনভূমি ব্যাপকভাবে উজাড় হয়ে যাচ্ছে। সরজমিনে দেখা গেছে, হারবাং ইউনিয়নের পশ্চিম বড়ুয়া পাড়ার কাছে পাহাড়ি এলাকা থেকে একসঙ্গে কেটে নেওয়া হয়েছে অন্তত অর্ধশতাধিক বড় সাইজের সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ। উজাড়ের পর লুট করা এসব কাঠের পরিমাণ অন্তত ৫০০ ঘনফুট হবে বলে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।

একই অবস্থা চলমান রয়েছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের হারবাং ও বরইতলী বনবিটের সংরক্ষিত বনভূমিতে। এলাকাভিত্তিক সরকারি দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় বনভূমি দখলে নেওয়া ছাড়াও সেখানে ঠাঁই দাঁড়িয়ে থাকা সেগুন, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড়ের পর অন্যত্র লুট করা হচ্ছে প্রকাশ্যে। একইভাবে কক্সবাজার উত্তর বনবিভাগের ডুলাহাজারা, ফাঁসিয়াখালী, মানিকপুর, কাকারা বনবিটের সংরক্ষিত বনভূমিতে দখলদারিত্ব চলার পাশাপাশি সেখানে বসতি স্থাপনের উপযোগী করে তুলতে কেটে ফেলা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। এসব বনবিটের সংরক্ষিত বনভূমিতে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড সমানে প্রকাশ্যে চলতে থাকলেও বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অনেকটাই নীরব ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের হারবাং ইউনিয়নের পহরচাঁদা বনবিট কর্মকর্তা সারোয়ার সাঈদী দাবি করেছেন, নিয়ন্ত্রণাধীন সংরক্ষিত বনভূমির পশ্চিম বড়ুয়া পাড়ায় গাছ কেটে নেওয়ার খবর পেয়ে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এর আগে কেটে ফেলা গাছের টুকরোগুলো নিয়ে যাওয়ায় তা জব্দ করা যায়নি। তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। বন নিধনে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা মো. খসরুল আমিন দৈনিক আজাদীকে বলেন, আমার নিয়ন্ত্রণাধীন দুটি বিটের কোথাও গাছ কেটে নেওয়াসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না। কোথাও এমন কর্মকাণ্ডের তথ্য পেলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, সংরক্ষিত বনভূমি ও বনের গাছপালা রক্ষায় সরকারি দলের দায়িত্বশীল নেতাদের আরও বেশি সচেতন হতে হবে। বনবিভাগের কর্মীদের পাশাপাশি এলাকার বন ও পরিবেশ রক্ষায় তাদের উদ্যোগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিওবা কোথাও গাছ কাটা বা বনভূমি দখলের খবর পাওয়া যায় সেখানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ভণ্ডুল করে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচর কেটে টংকাবতী খালের বালু উত্তোলন ঝুঁকিতে ক্ষেত-বাঁধ-ব্রিজ
পরবর্তী নিবন্ধইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও আলেম-ওলামাদের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ