‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

চট্টগ্রাম থেকে মানবিক বাজার ব্যবস্থার নতুন বার্তা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়েবাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে শুরু হয়েছে ‘ফেস্টিভ সেল” কর্মসূচি, যার মূল বার্তা’দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের”। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর ও উপজেলার বিভিন্ন বাজারে জোরদার করা হয়েছে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, উন্নত বিশ্বের মতো উৎসবকে ঘিরে মূল্যছাড়ের সংস্কৃতি চালুর ধারণা প্রথম সামনে আনেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যখন তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।

পরে চট্টগ্রামে যোগদানের পর থেকে তিনি খাতুনগঞ্জ, রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন পাইকারি ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে ব্যবসায়ীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফেস্টিভ সেল’ কার্যক্রম। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি বাজারে আদাসহ কিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা ৩৭টি পেঁয়াজবাহী কন্টেইনার দ্রুত খালাস করা হয়েছে। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় দেড় ঘণ্টার ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু