রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সাংসদ হুমাম কাদের চৌধুরীর নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখা রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে নির্বাচন–পরবর্তী মতবিনিময় সভা রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি ইউছুপ চৌধুরী। বক্তব্য দেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, সহ–তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, নাজিম উদ্দিন, রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ইউছুপ চৌধুরী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যদি অবৈধ ব্যবসা বা অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার দলে কোনো স্থান হবে না। দলের কোনো নেতাকর্মীর মাধ্যমে যেন সাধারণ মানুষ কষ্ট না পায় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।












