থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব

জেনারেল হাসপাতালে সেমিনারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, আমাদের মেরুদন্ডের হাড়গুলোর মাঝখানে কুশনের মত নরম ডিস্ক থাকে, যা মেরুদন্ডকে নমনীয় রাখে। কোন কারণে ডিস্কের ভেতরের জেলির মতো নরম অংশটি বাইরের শক্ত আবরণ ভেদ করে বেরিয়ে আসলে নার্ভের ওপর চাপ সৃষ্টি হয় এবং তীব্র ব্যথা ও জটিলতা তৈরী হয়। সাধারণত কোমরের নিচের দিকের হাড়ে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। ওজন বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে রোগীর কোমর ব্যাথা ও মেরুদন্ডের ডিস্ক সরে যায়। পিএলআইডি রোগীর ক্ষেত্রে অপারেশনের পরিবর্তে প্রমাণ–ভিত্তিক ফিজিও থেরাপী, ম্যানুয়াল থেরাপী ও সঠিক ব্যায়ামের মাধ্যমে ব্যাথা নিরাময় সম্ভব।

তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রোলাপস্‌ড লাম্বার ইন্টারভাট্রিব্রাল ডিস্ক’ (পিএলআইডি) শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র সৌজন্যে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ সেমিনারের আয়োজন করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো, একরাম হোসেনের সভাপতিত্বে ও বিভাগের মেডিকেল অফিসার ডা. তৃশা দাশগুপ্তের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুর রহিম ও জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাজেদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা.পলাশ নাগ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, বর্তমানে দেশে প্রবীণ জনগোষ্ঠী মাত্র ৯ শতাংশ, আগামী ১০–১৫ বছর পরে সেটি ২০–২৫ শতাংশে উন্নীত হবে। বয়সের সাথে সাথে পিএলআইডি রোগের সমস্যাতো আছেই। আমাদের ডেভেলপমেন্ট হলেও, ফিজিক্যাল মেডিসিনের বিষয়টা আলাদাভাবে ভাবনার বিষয় এসেছে। কারণ বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যারা অতিরিক্ত পরিশ্রমী বা কায়িক পরিশ্রম করে, ভারী কাজগুলো করেন, তাদের জন্য ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ছাড়া কোন বিকল্প চিকিৎসা নেই। সেমিনারে জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ জানান, গত ২০২৩ সালের এই দিনেই এই বিভাগের যাত্রা শুরু হয়। ২০২৩ সাল থেকে চলতি ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত ফিজিক্যাল মেডিসিন ও ফিজিওথেরাপী ইউনিটে মোট ২০ হাজার ৬৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়ে সরকারকে প্রায় ১১ লাখ টাকা রাজস্ব দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বহিঃ বিভাগে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ হাজার ৬৮০ জন, ৬৪ জন রেফার্ড রোগীর পাশাপাশি ৫৩ জন রোগীকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে রিহ্যাবিলিটেশন সেবা প্রদান করা হয়েছে। বিশেষ অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঢাকায় ইনস্টিটিউটের শেষ নেই কিন্তু চট্টগ্রামে বিআইটিআইডি ছাড়া অন্য কোনো ইনস্টিটিউট নেই। এখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ বেড থেকে ৫০০ বেডে উন্নীত করে মেডিকেল কলেজে রূপান্তরকরণসহ আরও কয়েকটা মেডিকেল কলেজ হওয়া বাঞ্চনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস সেক্টরের সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগের আহ্বান
পরবর্তী নিবন্ধ৩৩ বছরের শিক্ষকতা, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরা