থাইল্যান্ড সফরে মিয়ানমারের মিন অং হ্লাইং

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

মিয়ানমারের জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং প্রতিবেশী থাইল্যান্ড সফরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন। প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারকে আঞ্চলিক ব্লক আসিয়ানে ফের সংযুক্ত করার থাইল্যান্ডের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর হচ্ছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল হ্লাইং ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। খবর বিডিনিউজের।

এই কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এপ্রিলে কোনো গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বী দল ছাড়াই সেনাবাহিনী সমর্থিত এক নির্বাচনের মাধ্যমে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হন। বেসামরিক সরকার প্রধান হওয়ার পর থেকে আন্তর্জাতিক বৈধতা চাইছেন তিনি। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছানোর পর সামরিক বাহিনীর একটি ব্যান্ড দল দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে পরা হ্লাইংকে অভ্যর্থনা জানায়। গাঢ় রঙের আনুষ্ঠানিক স্যুট পরা হ্লাইং এরপর থাইল্যন্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে লাল গালিচা দিয়ে হেঁটে গিয়ে গার্ড অব অনার পরিদর্শন করেন। বৃহস্পতিবার থাইল্যান্ডের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে হ্লাইং শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের এবং আসিয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমার গণতন্ত্রের পথে আছে ও উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে চলছে।

পূর্ববর্তী নিবন্ধতেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের জেল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের গোলাবারুদের ঘাটতি নেই, তথ্য ফাঁসকারীদের জেলে ঢোকানো হবে: ট্রাম্প