অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতাটি কোরাস আবৃত্তির মধ্য দিয়ে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কর্মশালা সম্পাদনকারী নবীন ও প্রবীণ সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়। গত শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আনোয়ার সাঈদ। প্রধান অতিথি বলেন,আবৃত্তি অন্য কোন শিল্প মাধ্যমের মত নয় যা সহজে রপ্ত করা যায় এটি একটি বোধের বিষয় ও অনুধাবনের বিষয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল আন্দোলন ও সংগ্রামে কবিদের লেখা এবং আবৃত্তি শিল্পীদের দরাজ কন্ঠের আবৃত্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের সাংগঠনিক আবৃত্তি চর্চার যে ধারা তা সত্যিই প্রশংসনীয়। স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সম্পাদক সুজয় দে। আবৃত্তি পরিবেশন করে অবন্তিকা দাশ, মাহাত্মা–ই–মুক্তিহেমা, ঋষিতা বড়ুয়া, শৈনুল পূর্বা বিনু, অদ্রিজা চক্রবর্তী ঐশী। বড়দের বিভাগে অংশগ্রহণ করেন হ্যাপী চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, লাবণ্য মুৎসুদ্দি, রাশেদ খান মেনন, শেলী বড়ুয়া, ঋতুরাজ চৌধুরী, অর্পিতা দে, সানজিদা আকতার, শর্বানী দস্তিদার,অর্ক চক্রবর্তী, সুজয় দে, লিপি সেন। শেষে কর্মশালা সম্পাদনকারী শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছ হতে সনদপত্র গ্রহণ করেন। সনদপত্র বিতরণ পর্বে অংশগ্রহণ করেন আবৃত্তি শিল্পী মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুহি সেনগুপ্তা।











