দোহাজারী রেলওয়ে স্টেশনে বেড়াতে এসে তেলবাহী ট্রেনের ধাক্কায় মো. মোরশেদুল আলম (২৪) নামে এক প্রবাসীর বাম হাত ও দুই পা থেঁতলে গেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। এ ঘটনায় তার স্ত্রী জান্নাতুল নাঈম (১৯) ও দেড় বছরের ছেলে আদিয়ান মাহমুদ মোয়াজও সামান্য আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মোরশেদ তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় বেড়াতে আসেন। রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ করার সময় পেছন থেকে একটি তেলবাহী ওয়াগন ট্রেন চলে আসে। ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় তারা ট্রেনের হর্ন শুনতে পাননি। ট্রেনটি একদম কাছে চলে এলেও তারা সরতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, দেড় বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মোরশেদ ট্রেনের ধাক্কা খান। দুর্ঘটনার পর স্থানীয়রা মোরশেদকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুহাম্মদ রকিবুল হাসান ইমন জানান, যুবকের বাম হাত ও দুই পা থেঁতলে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী রেলওয়ে স্টেশনের মাস্টার ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় ভ্রমণে আসা পর্যটকদের সতর্ক থাকা খুবই জরুরি।











