তিন ইভেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম, বালিকাদের ফুটবলে খাগড়াছড়ি

নতুন কুঁড়ি স্পোর্টস

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

নতুন কুড়ি স্পোর্টস আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রামের জয়যাত্রা অব্যাহত রয়েছে। বালকদের ফুটবল এবং বালক ও বালিকাদের ক্রিকেট ইভেন্টে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে। বালিকাদের ফুটবলে খাগড়াছড়ি শিরোপা জিতে। গতকাল সোমবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় বালকবালিকা বিভাগের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিযোগিতার ফুটবল বালক বিভাগের ফাইনালে চট্টগ্রাম জেলা ৩০ গোলে কক্সবাজারকে এবং বালিকা বিভাগের ফাইনালে খাগড়াছড়ি জেলা ১০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে চট্টগ্রাম জেলা ৫ উইকেটে বান্দরবান জেলাকে ও বালিকা বিভাগে চট্টগ্রাম জেলা ৭৮ রানে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে শিরোপা জয় করে।

ফাইনাল খেলা শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ।

অতিরিক্ত কমিশনার (সার্বিক) চট্টগ্রাম মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য শরিফুল ইসলাম তুহিন, এইচ এম রাশেদ খান ও মো. নুর হোসেনসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যরা। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাহাবুবুর রহমান সাগর ও প্রতিমা দাশ।

আজ মঙ্গলবার তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিঙ ও দাবা, জেলা সুইমিং পুলে সাঁতার ও রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচুক্তি নিয়ে নতুন প্রস্তাব তেহরানের
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু