তরুণরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে

লাইফস্টাইলকে দায়ী করছেন চিকিৎসকরা বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

জাহেদুল কবির | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

আমাদের দেশে এক সময় ডায়াবেটিস ছিল স্বল্প পরিচিত একটি রোগের নাম। আজকে সেটি মহামারি আকার ধারণ করেছে। শহর অঞ্চল ছাড়া গ্রামেও ডায়াবেটিস রোগী আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শহর ও গ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীর চাপ। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ এবং ওয়ার্ডে সেবা নিতে প্রতিদিনই ভিড় করছেন ডায়াবেটিস রোগীরা। তবে চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। কারণ ডায়াবেটিস আক্রান্ত অর্ধেক লোক জানেই না, তারা এ রোগে আক্রান্ত। প্রায় সময় অন্য কোনো রোগের পরীক্ষা–নিরীক্ষা করাতে গিয়ে রোগটি ধরা পড়ে। বিশেষ করে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা প্রথম দিকে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতেই পারেন না। এমন পরিস্থিতিতে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’–এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’।

জানা গেছে, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ কোটি ৯০ লাখ। ২০৩০ সালের মধ্যে হয়তো সেটি ছাড়িয়ে যাবে ৬০ কোটি। বাংলাদেশে ৭০ দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র ২ শতাংশের মতো। সেটি আজ কয়েকগুণ বেড়েছে। সামপ্রতিক এক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশের মতো। এছাড়া গর্ভকালীন ডায়াবেটিসের হার আমাদের দেশে উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডায়াবেটিস বংশগত কারণে ও পরিবেশের নানা প্রভাবে হয়। কখনো কখনো অন্যান্য রোগের ফলেও ডায়াবেটিস হয়ে থাকে। সব বয়সীদের এ রোগ হতে পারে। ডায়াবেটিস একবার হলে আর সারে না। বলা যায়–এটি আজীবনের রোগ। ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা, দুর্বল লাগা, ঘোর ঘোর ভাব আসা, ক্ষুধা বেড়ে যাওয়া, সময়মতো খাওয়া–দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া, শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলে দীর্ঘদিনেও সেটা না সারা, চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব, বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা এবং চোখে কম দেখতে শুরু করা–ডায়াবেটিস রোগের অন্যতম লক্ষণ। ডায়াবেটিস প্রতিরোধে প্রচুর শাকসবজি, ফলমূল ও মোটা শস্যদানা জাতীয় খাবার খেতে হবে। এতে টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। এছাড়া ডায়াবেটিসের বোঝা কমানোর জন্য অবশ্যই স্বাস্থ্য সম্মত খাবার খেতে হবে। সুষম খাবার টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে। তবে বর্তমানে হাইক্যালরি ও অপুষ্টিকর সস্তা খাবার বিশেষত ফাস্টফুড গ্রহণ বেড়ে যাওয়ায় বাড়ছে টাইপ–২ ডায়াবেটিস। এছাড়া স্থূলতা, কায়িক পরিশ্রম না করাও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ। তবে সুশৃঙ্খল জীবনযাপন করলে রোগী নিজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগে বর্তমানে একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, দুইজন সহকারী অধ্যাপক, একজন রেজিস্ট্রার এবং একজন সহকারী রেজিস্ট্রার কর্মরত আছেন। এছাড়া ওয়ার্ডে নেই কোনো ইনডোর মেডিকেল অফিসার। স্নাতকোত্তর শিক্ষার্থী এবং অনারারি চিকিৎসক দিয়ে ওয়ার্ড চালাতে হচ্ছে। ওয়ার্ডে মোট শয্যা আছে ১৬টি। এরমধ্যে ৮টি পুরুষ এবং ৮টি মহিলার জন্য সংরক্ষিত। তবে বর্তমানে ডায়াবেটিস ও অন্যান্য হরমোন রোগ বাড়ার কারণে নির্ধারিত শয্যার বাইরে দেড় থেকে দ্বিগুণ বেশি রোগী ভর্তি থাকছে। শয্যার অতিরিক্ত রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ওয়ার্ডে নেই কোনো এইচডিইউ বেড। জটিল রোগীদের তাই বাধ্য হয়ে মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগীদের ফলোআপ করতে চিকিৎসকদের মেডিসিন ওয়ার্ডে গিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। এছাড়া ওয়ার্ডে ইনসুলিনের সরবরাহ না থাকার কারণে রোগীদের বাইরে থেকে কিনতে হয়।

এন্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস ছাড়াও বর্তমানে থাইরয়েড হরমোনের রোগীও বাড়ছে। তাই হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিমের রোগীরা ভর্তি হয়ে ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে শিশু কিশোরদের বয়ঃসন্ধিজনিত সমস্যা যেমন বিলম্বিত অথবা অকালপ্রাপ্তি বয়ঃসন্ধি, শিশু কিশোরদের অপর্যাপ্ত বৃদ্ধি, যৌন বিকাশের ব্যাধিযুক্ত (ডিএসডি) শিশুদের চিকিৎসা দেয়া হয়। পলিএন্ডোক্রাইন মেটাবলিক সিনড্রোম (পিএমওএস) আক্রান্ত নারীদের প্রজনন ও বন্ধ্যাত্বজনিত অন্যান্য বিশেষায়িত চিকিৎসাও দেয়া হচ্ছে। এছাড়া স্থূলতায় আক্রান্ত রোগীদের মূল্যায়ন ও কাউন্সেলিং করা হয়। বর্তমানে স্টেরয়েডের মাত্রাতিরিক্ত এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে সৃষ্ট আয়াট্রোজেনিক কুশিং সিন্ড্রোম এবং অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি রোগের মূল্যায়ন ও ব্যবস্থাপনা দেয়া হয়। গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত নারীদের চিকিৎসা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। এগুলো ছাড়াও পিটুইটারি, প্যারাথাইরয়েড জনিত হরমোনের সমস্যা, বিভিন্ন মেটাবলিক ও জেনেটিক রোগ (হাইপোক্যালসেমিয়া, মারফান সিনড্রোম, টার্নার সিনড্রোম ইত্যাদি) নির্ণয় ও চিকিৎসা এই বিভাগে দেয়া হয়। বর্তমানে সপ্তাহে দুইদিন (রবি ও বুধবার) বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। যেখানে প্রায় ৩৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়। সেখানে রোগীদের থাইরয়েড ইউনিট, স্থূলতা ইউনিট ও ডায়াবেটিস ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

চমেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফারহানা আক্তার দৈনিক আজাদীকে বলেন, দিন দিন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মূলত ডায়াবেটিস প্রতিরোধ করাটাই আমাদের লক্ষ্য। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে–প্রতি দুইজন প্রাপ্ত বয়স্ক লোকের মধ্যে একজন জানতেই পারছেন না যে ডায়াবেটিস রোগ হয়েছে। ডায়াবেটিস রোগ হলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। তাই ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়া দরকার। আরেকটি বিষয়– রোগীদের মধ্যে অনেকের ইনসুলিন নেয়ার প্রতি এক ধরনের অনীহা আছে। আসলে ইনসুলিনের ক্ষতিকারক কোনো প্রভাব নাই। চিকিৎসকের পরামর্শ মতে–ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ইনসুলিন নেয়া উচিত। তিনি আরো বলেন, এখন অনেক তরুণ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এজন্য দায়ী কিন্তু তার লাইফ স্টাইল। বাইরের ফাস্টফুডের খাবার গ্রহণ ও শুয়ে বসা থাকাও অন্যতম কারণ। তাই লাইফ স্টাইল ও খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য অঞ্চলে তৃণমূল থেকে উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধআগাম প্রতিরোধই দেবে ডায়াবেটিসের সুরক্ষা