হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার তার শরীর এক্সরে করে পায়ুপথে চারটি ডিম্বাকৃতির সোনা ও অন্তর্বাসে সোনার পেস্ট পাওয়া যায় বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। হাসান মিয়া নামে ওই যাত্রী ভোরে ইউএস–বাংলা এয়ারলাইন্সের বিএস–৩৪২ ফ্লাইটে ঢাকায় নামেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। সিআইআইডি বলেছে, এক্সরে পরীক্ষায় শরীরে স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত হয়। পরে ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির সোনা উদ্ধার করেন কর্মকর্তারা। এছাড়া তার অন্তর্বাসে মাখানো আনুমানিক ১০০ গ্রাম সোনার পেস্ট পাওয়া যায়। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে পরিশোধন ও বিশুদ্ধতা পরীক্ষার পর সোনার প্রকৃত পরিমাণ পাওয়া যাবে।









