ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ আগুন

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

লিবিয়ার জাওয়িয়া তেল শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের হামলা হতে থাকলে শোধনাগারের সব কাজ স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে দেশটির জাতীয় তেল সংস্থা (এনওসি)। তবে অগ্নিকাণ্ডে গুরুতর কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ। খবর বিডিনিউজের।

কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে জাওয়িয়া শোধনাগারের ওপর আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই কেন্দ্রটি লিবিয়ার সর্ববৃহৎ সক্রিয় শোধনাগার, যার দৈনিক তেল শোধন সক্ষমতা ১ লাখ ২০ হাজার ব্যারেল। জরুরি সেবা বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে লিবিয়ার জাতীয় তেল সংস্থা (এনওসি) জানায়, সোমবার সন্ধ্যায় ব্রেগা অয়েল কোম্পানির ৪০২টি নম্বর ট্যাংকে সরাসরি ড্রোন হামলা চালানো হয়।

প্রায় ৪৫ লাখ লিটার (১২ লাখ গ্যালোন) পেট্রোল থাকা ট্যাংকটিতে আগুন লাগার পর তা পুরোপুরি ধসে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের প্রায় তিন চতুর্থাংশ এলাকা খরার কবলে : যুক্তরাজ্য সরকার
পরবর্তী নিবন্ধকলম্বিয়ায় ভূমিকম্পে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, মৃত্যু বেড়ে ১৬৪