ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা

দক্ষিণ কাট্টলীতে পরিচ্ছন্নতা অভিযানে সাঈদ আল নোমান এমপি

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল শুক্রবার বিকেল তিনটায় নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযানে’ সাঈদ আল নোমান এসব কথা বলেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই হতে পারে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন
পরবর্তী নিবন্ধসমাজের শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : গিয়াস কাদের এমপি