ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজউদ্দৌলা ও মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে আদালত অব্যাহতি দিয়েছেন। পাঁচ সাংবাদিক হলেন, মীরসরাইয়ের মাহবুবুর রহমান পলাশ, এনায়েত হোসেন মিঠু ও মোহাম্মদ ইউসুফ এবং সীতাকুণ্ডের সেকান্দর হোসাইন ও জহিরুল ইসলাম। মামলায় বিবাদী পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুম চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুখ ও নাসির উদ্দিন আহমেদ খান রনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠসহ কয়েকটি পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ডকইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেড় কোটি টাকা করে ২৬১টি গাড়ি কিনবে সরকার