নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা কাটাপাহাড় লেইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো– কুমিল্লা পশ্চিম পাড়ার মনির হোসেনের ছেলে মাঈন উদ্দিন হোসেন (২০), ভুজপুর তাইয়্যা পাড়ার মো. জাফরের ছেলে মো. মাসুদ (২১) এবং ফটিকছড়ি নানুপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মো. সোহেল। তবে মাঈন উদ্দিন বর্তমানে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন রিয়াজ উদ্দিন বাজার এলাকায়, মাসুদ খুলশী থানার আবুল কলোনী এবং সোহেল হালিশহর থানার ঈদগাহ হাজার দীঘির পাড় এলাকায় বসবাস করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মূলত চট্টগ্রাম ফলমণ্ডি, কদমতলী বাজার ও রিয়াজ উদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।










