সরকারি নির্ধারিত ট্যারিফে থাকা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ না করে ফেরিঘাটে প্রবেশ ফি আদায়ের তালিকা প্রদর্শনের অভিযোগে মহেশখালী জেটিঘাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সরকারি ট্যারিফের পূর্ণাঙ্গ শর্ত অনুসরণ করে ফি আদায়ের তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহেশখালী জেটিঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, জেটিঘাটে ইজারাদার কর্তৃপক্ষের প্রদর্শিত প্রবেশ ফি আদায়ের তালিকায় সরকারি ট্যারিফের গুরুত্বপূর্ণ কিছু শর্ত উল্লেখ করা হয়নি। বিশেষ করে সরকারি ট্যারিফে প্রবেশ ফি প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে ‘শুধুমাত্র পর্যটকবাহী নৌযান’ শর্তটি থাকলেও ইজারাদারের প্রদর্শিত তালিকায় তা উল্লেখ ছিল না। এতে সাধারণ যাত্রী, পর্যটক ও অন্যান্য সেবাগ্রহীতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রযোজ্যতার বাইরে ফি আদায়ের সুযোগ তৈরির আশঙ্কা দেখা দেয়।
বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৫৮–এর ১৯(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত ট্যারিফ তফসিলে প্রবেশ ফি আদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত উল্লেখ রয়েছে। কিন্তু সেই শর্ত যথাযথভাবে প্রদর্শন না করায় বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৪ ধারার আওতায় বিবেচনা করে মোবাইল কোর্ট অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।











