চট্টগ্রামের শাহ আমানত সেতুর মইজ্জ্যারটেক প্রান্তের টোল প্লাজায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইজ্জ্যারটেক টোল প্লাজার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায়ের একটি বুথে সজোরে ধাক্কা দেয়। এতে বুথটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বুথটির ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হননি। অন্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
মোহাম্মদ মেজবাহ বলেন, একটি বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ ভেঙে গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।











