টেকসই উন্নয়নের দর্শনকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করতে হবে

প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগের অনুষ্ঠানে উপাচার্য

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ‘দ্য গ্রিন ডায়ালগ: ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগ ও ডিবেট ক্লাব অব ল’র উদ্যোগে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী। বিভাগের সভাপতি অনুপ কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ভাবনা বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে আইনের কার্যকর প্রয়োগের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ পরিবেশ আইন বিতর্ক প্রতিযোগিতা (বাংলা ও ইংরেজি) এবং আন্তঃবিভাগ পরিবেশ সচেতনতা পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার বিচারকার্যে ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) সার্বিক সহযোগিতা প্রদান করে। বিতর্ক প্রতিযোগিতার গ্রিন ওরেটর পুরস্কারপ্রাপ্ত মিজানুর রহমান ও কাজী মাইমুনা তাঁদের মতামত উপস্থাপন করেন। প্রধান অতিথি বলেন, গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীতে উষ্ণতা ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।

বিশেষ অতিথি তানজিনা আলম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কেউ যেন, কিছুই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই পরিবেশগত ন্যায়বিচার। অধ্যাপক ড. মেহের নিগার পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত ন্যায়বিচার বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক হিল্লোল সাহা জীবাশ্ম জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে চ্যালেঞ্জ ও পরিবেশ সংরক্ষণে আইনি ঘাটতি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। অধ্যাপক ফাহমিদা কাদের বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা প্রয়োজন। কিন্তু শুধু সচেতনতা নিয়ে পড়ে থাকলেই হবে না, কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে অনুপ কুমার বিশ্বাস পরিবেশ সংরক্ষণে আইনের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষ, সচেতন এবং মানবিক আইনজীবী ও আইনবিদ তৈরির লক্ষ্যে বিভাগ নিয়মিতভাবে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম আয়োজন করে যাচ্ছে। শেষে অতিথিবৃন্দ বিতর্ক ও পোস্টার প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী, . হুমায়রা নওশীন উর্মি, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ফাহমিদা কাদের, ইয়াসমিন ফারজানা, সালমা মরিয়ম, তাকমিনা কামাল, মাহবুবা সুলতানা, তাহমিনা সানজিদা সাহীদ, সুরিনা তারজিদ ও প্রভাষক মেহেরুন্নেসা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপরিবেশ দূষণ পারমাণবিক বোমার ক্ষতির চেয়েও ভয়াবহ