কঙবাজারের টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
গত রোববার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অন্যদিকে, টেকনাফ মডেল থানার এসআই সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানবপাচারসহ পৃথক দুটি মামলা করেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানস্থল থেকে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কঙবাজার আদালতে পাঠানো হয়েছে।
গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর–১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।












