টেকনাফে ‘মুক্তিপণ দিয়ে’ তিন দিন পর বাড়ি ফিরলেন বৃদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার ঝর্ণাপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তিন দিন পর ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অপহৃতের ভাই সৈয়দ আহমদ। অপহৃত হোছেন আলী নোয়াখালী পাড়ার মৃত রহমান আলীর ছেলে। তিনি জানান, গত ১৬ মে দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশে নিজ বাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হোছেন আলীকে বাইরে ডেকে নেয়। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। গত রোববার বিকেল ৪টার দিকে পাহাড়ে সন্ত্রাসীদের হাতে ৪ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর হোছেন আলীকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে ফিরেছেন।

মুক্তিপণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছে অপরণকারীরা। এতে পরিবারের সদস্যরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, হোছেন আলী বাড়িতে ফিরে এসেছে। তিনি সুস্থ আছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। মুক্তিপণের বিষয়টি আমরা অবগত নই।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় প্রাণ গেল ১ জনের, পালিয়ে যাওয়া চালকের লাশ মিলল যাত্রী ছাউনিতে
পরবর্তী নিবন্ধচুক্তি নিয়ে নতুন প্রস্তাব তেহরানের