বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি টুথপেস্টে মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ থাকার খবর প্রকাশের পর এ বিষয়ে স্বাধীন তদন্তের আদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন একজন আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গতকাল সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন। তিনি জানান, হাই কোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। খবর বিডিনিউজের।
রিট আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ (গতকাল) অনেকগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এবং একেকটি নমুনায় এর পরিমাণ ২০ থেকে ৩২০টি কণা পর্যন্ত। আমরা মনে করি, এটি মানবদেহ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করা কয়েকটি টুথপেস্টেও এ ধরনের উপাদান পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা একটি স্বাধীন তদন্ত চাইছি। তদন্তে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিরূপণ করে প্রতিবেদন প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেছি। আইনজীবী মামুন দাবি করেন, তুলনামূলক বেশি দামের এবং চিকিৎসকদের পরামর্শে ব্যবহৃত কিছু টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে এখনই বাজার থেকে কোনো টুথপেস্ট প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়নি বলে জানান এই আইনজীবী। তিনি বলেন, আমরা মূলত স্বাধীন তদন্ত চেয়েছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে এসব টুথপেস্ট মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর, তখন প্রয়োজনীয় ব্যবস্থা, এমনকি বাজার থেকে প্রত্যাহারের বিষয়েও আবেদন জানানো হবে।











