টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
বুধবার (৮ জুলাই) বিকাল ৪টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত অংশে বৃষ্টির পানি যাতে সরাসরি মাটিতে না পড়ে এবং আরও ভাঙনের ঝুঁকি সৃষ্টি না হয়, সেজন্য তাৎক্ষণিকভাবে তেলপার কাগজ দিয়ে ভাঙা অংশ ঢেকে দেওয়া হয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলেই জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে জরুরি সংস্কারকাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় ইউএনও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি ও দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) শহিদুল ইসলাম সিকদার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গোলাম কাদের এবং বিএনপি নেতা আখতার ফারুক।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান, সাম্প্রতিক বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারের জন্য সরকারি বরাদ্দের আওতায় কাজ চলমান রয়েছে। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সংস্কারকাজে সাময়িক বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই পুনরায় পূর্ণোদ্যমে কাজ শুরু হবে বলে তিনি জানান।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত ও টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না হলে উপকূলীয় জনপদের মানুষকে বারবার দুর্ভোগের মুখোমুখি হতে হবে।












