উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ–১ বা জেট ফুয়েলের দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে। নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি। সেখানে বলা হয়, ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে জেট এ–১ ফুয়েলের প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের দাম পরিবর্তনের কারণে পরিবহন ব্যয়ের পরিবর্তন হিসাব করে জুলাই মাসের দর সমন্বয় করা হয়েছে। খবর বিডিনিউজের।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কঙবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের নতুন দর প্রযোজ্য হবে।
অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এসব বিমানবন্দরের পাশাপাশি যশোর বিমানবন্দরেও নতুন দর কার্যকর হবে। এ নিয়ে মে থেকে টানা চার দফা জেট ফুয়েলের দাম কমল। এর আগে জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। তখন লিটারে দাম কমেছিল ১৫ টাকা ৬৭ পয়সা। তার আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। ওই দফায় লিটারে দাম কমে ৩৯ টাকা ৫৭ পয়সা।












