উপজেলায় সংসদ সদস্যদের জন্য যে অফিস রয়েছে সেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের একজন করে যোগ্য সদস্যকে চাকরি দেওয়ার প্রস্তাব করেছেন মাদারীপুর–৩ আসনের সরকারি দলের সদস্য আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
আনিসুর রহমান বাজেটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন ও কল্যাণে বিশেষ বরাদ্দ বিবেচনার আহ্বান জানান এই সংসদ সদস্য। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমরা উপজেলা পরিষদে যে অফিস পেয়েছি, সেই অফিসে জুলাই শহীদ পরিবার ও গুম হওয়া পরিবারের যেকোনো একজন যোগ্য সদস্যকে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে তারা উপকৃত হবে। আনিসুর রহমান বলেন, তিনি নিজে তার অফিসে এমন একজনকে চাকরি দেবেন। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় জুলাই শহীদ পরিবার বা গুম হওয়া পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।











