জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে

চান্দগাঁও থানা জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে কর্মী সম্মেলন গতকাল শুক্রবার নগরীর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বিশেষ করে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যেকে রুখে দিয়ে জুলাই শহীদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। এবং জনগণ তা কখনো মেনে নিবে না। চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আজাদ চৌধুরী ও মোহাম্মদ ওমর গণির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান বক্তা শাহজাহান চৌধুরী বলেন, দেশের জনগণ আজ নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে সন্ত্রাসমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মো. ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ইসমাইল হোসেন সিরাজী, রইছুর রহমান চৌধুরী তিতু, জসিম উদ্দিন সরকার, নুরুল হোসেন, আনিসুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণ ও আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনই গাউসিয়া কমিটির মূল কাজ
পরবর্তী নিবন্ধনিখোঁজ কিশোরের মুক্তিপণ দাবি, দুদিনেও হদিস নেই