বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর জোন–৫–এর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। জোন–৫–এর আওতাভুক্ত হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, সিবিএফ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থানা শাখার অগ্রসর কর্মীদের অংশগ্রহণে গতকাল শুক্রবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন–জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন মহানগরী জামায়াতের অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা জরুরি। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন হতে হবে সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শবান। প্রেস বিজ্ঞপ্তি।












