জুম্‌’আর খুতবা

জুম’আর দিনের ফজিলত ও সুন্নত আমল সমূহ

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সম্মানিত মুসলিম ভাইয়েরা!

সকল হামদ আল্লাহর জন্য, জেনে রাখুন, আজকের আলোচনার বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময়। তা– হলো জুমার দিনের ফজিলত ও গুরুত্ব, জুমার দিনের বিশেষ মুহূর্তে দুআ কবুল হওয়া, গুনাহ মাফের সুসংবাদ, খুতবার সময় নীরবতা পালন, অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ, এবং জুমার দিনে গোসল ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত বিষয়ক আলোচনা। মহান আল্লাহ তা’আলা সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিনকে বিশেষ মর্যাদা দান করেছেন। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। ইবাদত বন্দেগি, আত্মশুদ্ধি, দুআ, দরুদ ও আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ। জুমার গুরুত্ব এত বেশি যে, পবিত্র কুরআনে এ দিনের নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে যার নাম “সূরা আল–জুমুআহ” পবিত্র কুরআনে জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ রাখো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। (সূরা: আল জুমআহ, আয়াত: ৯)

এই আয়াতে মহান আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছেন, জুমার নামাজের জন্য আজান দেওয়া হলে দুনিয়াবি ব্যবসা–বানিজ্য ও যাবতীয় ব্যস্ততা পরিহার করে আল্লাহর জিকির ও নামাজের প্রতি মনোনিবেশ করতে, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, জুমার আজান হওয়ার পর ব্যবসা–বানিজ্য পরিহার করে খুতবা শোনা এবং নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়া মুমিনের কর্তব্য।

জুমার দিন সকল দিনের সরদার:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে দিন সূর্য উদিত হয়েছে, সেই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এ দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিনেই তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

অন্য একটি বর্ণনায় জুমার দিনকে সকল দিনের সর্দার ও আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন বলা হয়েছে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)

প্রিয় ইসলামী ভাইয়েরা!

জুমার দিন শুধু একটি সাপ্তাহিক দিন নয় বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার প্রতীক। এ দিনে গরিব ছোট–বড় কর্মকর্তা–কর্মচারী সবাই একই কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে নিজেদের সমর্পণ করেন। তাই জুমার দিনকে অবহেলা না করে ইবাদত জিকির কুরআন তিলাওয়াত ও দরুদ শরিফের মাধ্যমে অতিবাহিত করা আমাদের কর্তব্য।

জুমার দিনে দুআ কবুলের মুহূর্ত: জুমার দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এ দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দুআ করলে মহান আল্লাহ তাঁর দুআ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “নিশ্চয়ই জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে কোনো মুসলমান যদি গেন মুহূর্তটি পায় এবং নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে তবে আল্লাহ তা’আলা তাকে তা দান করেন। (সহিহ বুখারি, হাদিস: ৯৩৫, সহিহ মুসলিম, হাদিস: ৮৫২, আনোয়ারুল বয়ান, ২য় খন্ড, পৃ: ৫৪৮)

দুআ কবুলের সেই বিশেষ মুহূর্ত কোনটি এ সম্পর্কে হাদিসে দুটি গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ রয়েছে। প্রথম সময়: খতিব খুতবার জন্য মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। হযরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সময়টি হলো, ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম, হাদসি: ৮৫৩)

জুমার দিন গুনাহ মাফ ও আল্লাহর রহমত লাভের দিন:

মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল। তিনি বান্দাদের গুনাহ মাফ করার জন্য বিভিন্ন সুযোগ ও উপলক্ষ সৃষ্টি করেছেন। জুমার দিন তার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে জুমার নামাজে উপস্থিত হয় তাঁর জন্য যতটুকু নামাজ নির্ধারিত ততটুকু আদায় করে এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত নীরবতা ও মনোযোগ বজায় রাখে এবং ইমামের সঙ্গে নামাজ আদায় করে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং তিন দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৭)

সুবহানাল্লাহ! কত বড় সৌভাগ্যের বিষয়। একজন মুসলমান শুধু জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্র্ণ আমল যথাযথভাবে পালন করার মাধ্যমে দশ দিনের গুনাহ মাফের সুসংবাদ লাভ করতে পারে। তবে এখানে সগিরা গুনাহ ক্ষমা করার কথা বোঝানো হয়েছে। কবিরা গুনাহের জন্য আন্তরিক খাঁটি তাওবা করা এবং মানুষের হক থাকলে তা আদায় করা অপরিহার্য।

খুতবার সময় নীরব থাকা ও মনোযোগ দিয়ে শোনার ফজিলত:

জুমার খুতবা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। জুমআর সময় সম্পূর্ণ নীরবতা পালন করা এবং মনযোগ দিয়ে খুতবা শোনা প্রত্যেক মুসল্লির উপর আবশ্যক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, জুমার দিন ইমাম যখন খুতবা দিচ্ছেন তখন তুমি যদি তোমার পাশের ব্যক্তিকে বলো চুপ করো তবুও তুমি অনর্থক কাজ করলে। (সহিহ বুখারি, হাদিস: ৯৩৪, সহিহ মুসলিম: হাদিস: ৮৫১)

ফিকহে হানাফির আলোকে খুতবার সময় নীরবতা পালন করা ও মনযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা, মোবাইল ফোন ব্যবহার করা, হাসি তামাশা করা, কিংবা অন্যকে কথা বলতে নিষেধ করাও অনুচিত। অতএব আমরা যখন মসজিদে উপস্থিত হব তখন দুনিয়াবি চিন্তা ভাবনা পরিহার করে খুতবার প্রতিটি নসিহত মনযোগ দিয়ে শুনব এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। (আনোয়ারুল বয়ান, ২য় খন্ড, পৃ: ৫৫১)

জুমার দিনে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠের ফজিলত:

আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, “নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত ও দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ! তোমরাও তাঁর প্রতি যথাযথভাবে দরুদ ও সালাম প্রেরণ করো। (সূরা: আল–আহযাব, আয়াত: ৫৬)

এ আয়াতে মহান আল্লাহ মুমিনদের তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে জুমার দিন দরুদ শরিফ পাঠের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। হযরত আওস ইবনে আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৪৭, সুনানে নাসাঈ, হাদিস: ১৩৭৪)

জুমার দিনে গোসল করা পরিষ্কার পোষাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নাত:

প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের পবিত্রতার প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। জুমার দিন গোসল করা, মিসওয়াক করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত ও ইসলামের সুন্দর আদবের অন্তভূক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনের গোসল করা ওয়াজিব। হাদিসে ওয়াজিব শব্দ ব্যবহৃত হলেও ফিকহ হানাফী অনুসারে জুমার গোসল ফরজ নয় বরং সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি থাকলে তা যেন ব্যবহার করে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৩)

জুমার দিন আগে আগে মসজিদে উপস্থিত হওয়া:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন প্রথম সময়ে মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করল, পরবর্তী সময়ে আগমনকারীদের জন্য যথাক্রমে গরু, দুম্বা ও মুরগি কুরবানি করার সওয়াবের কথা বর্ণিত হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৮৮১, সহিহ মুসলিম, হাদিস: ৮৫০)

অধিক পরিমাণে তওবা ও ইস্তিগফার করা:

মহান আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। যাতে তোমরা সফলকাম হতে পারো। (সূরা: আন–নূর, আয়াত: ৩১)

তাই জুমার দিনে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁেচ থাকার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে জুমার দিনের প্রকৃত মর্যাদা উপলব্ধি করার এবং জুমার বরকত ও ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমীন।

লেখক : অধ্যক্ষ, মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী), বন্দর, চট্টগ্রাম; খতীব, কদম মোবারক শাহী জামে মসজিদ।

[ইসলাম সম্পর্কিত পাঠকের প্রশ্নাবলি ও নানা জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি। আগ্রহীদের বিভাগের নাম উল্লেখ করে নিচের ইমেলে প্রশ্ন পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।

Email : azadieditorial@gmail.com]

মুহাম্মদ রিদওয়ানুল হক

ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম

প্রশ্ন: ছবিযুক্ত জাতীয় পরিচয় পত্র ঘওউ পকেটে রেখে নামাজ আদায় করলে জায়েজ হবে কিনা? শরয়ী বিধান কী?

উত্তর: ছবির শরয়ী বিধান সম্পর্কে ফিকহের কিতাবগুলোতে বিস্তারিত আলোচনা এসেছে, আপনার প্রশ্নের আলোকে শরয়ী জবাব হলো, প্রাণীর ছবি যদি নামাজির সামনে মাথার ওপর ডানে–বামে অথবা সিজদার স্থানে দৃশ্যমান থাকে তাহলে নামাজ মাকরূহ হওয়ার বিধান প্রযোজ্য হবে। নামাজের সময় পকেটে ছবিটি আবৃত ও গোপন থাকলে নামাজ মাকরূহ হবে না। (ফতোওয়া আলমগীরি, ১ম খন্ড, কিতাবুস সালাত)

ফতোওয়ায়ে শামীতে উল্লেখ হয়েছে, প্রাণ বিশিষ্ট জীবের ছবি রয়েছে এমন পোশাক পরিধান করা (নামাজে মাকরূহ) এর পর ছবি কোথায় থাকলে নামাজ মাকরূহ হবে এ প্রসঙ্গে উল্লেখ হয়েছে ছবিটি কাপড় দ্বারা আবৃত থাকলে মাকরূহ হবে না। (রদ্দুল মুহতার, খন্ড: ০২, পৃ: ৪১৬–৪১৭, কিতাবুস সালাত)

আ’লা হযরত (র.) ফতোওয়ায়ে রযভিয়ায় ছবির শরয়ী বিধান বিস্তারিত আলোচনা করেছেন, এ ক্ষেত্রে মূল বিষয় হলো, প্রাণীর ছবির ক্ষেত্রে ছবির অবস্থা, আকার, অবস্থান এবং প্রকাশ্যতা বিবেচনা করতে হবে। ছবিটি যদি এমন স্থানে থাকে যেখানে সাধারণ দৃষ্টিতে দেখা যায়না তাহলে প্রকাশ্য ছবির বিধান তার ওপর আরোপ করা যাবেনা। (ফতোওয়া রযভিয়া, খন্ড:২৪) বাহারে শরীয়তে আছে “থলে বা পকেটের মধ্যে ছবি লুকানো থাকলে নামাজ মাকরূহ হবে না” (বাহারে শরীয়ত, খন্ড:০৩, পৃ: ৬২৮)

পূর্ববর্তী নিবন্ধদক্ষ মানবসম্পদ গড়তে প্রয়োজন যুগোপযোগী জাতীয় পরিকল্পনা
পরবর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের মজুরি আন্দোলনে ৩-৪ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা