চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা (সম্মান) শ্রেণির ১১ তম ব্যাচের কৃতী শিক্ষার্থীদের ‘ ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিরমনি’ গত ১৮ ডিসেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চ বি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার। উপাচার্য বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীরা যে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং এ কৃতিত্ব প্রতিষ্ঠানের গৌরবের মুকুটে উজ্জ্বল পালক সংযুক্ত করেছে। বৈশ্বিক সংকটকালে শিক্ষার্থীদের এ অর্জন সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদেরকে অর্জিত জ্ঞান, জীবনমুখী শিক্ষা ও ব্যক্তিত্ব নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান। শিক্ষার্থীদের এ কৃতিত্বের পেছনে শিক্ষকমন্ডলীর আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মর্মে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপাচার্যকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নুসরাত সুলতানা ও তৃষা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।













