জাপা চেয়ারম্যানের বাসায় হামলা

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার বাসায় হামলা হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ (গতকাল) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে। খবর বিডিনিউজের।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী–পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে। এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ এর ব্যানারে অবস্থান নিয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। যোগাযোগ করা হলে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধহোটেলে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঢাকা উদ্যানে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা