আইনশৃঙ্খলার চরম অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা দেশে বিরাজমান অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা তুলে ধরেন। একইসাথে তারা দেশব্যাপী চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসবের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের সহ–সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হাসান মাহমুদ গাদ্দাফী, জাকারিয়া বিন সাঈদ, হাসিনা বেগম এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব রাতুল খান।











