এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ ১০ দফা দাবি তুলে ধরেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। খবর বিডিনিউজের।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ আজকে বাংলাদেশে শুধু শিক্ষকদের দাবি না। এটাও অভিভাবকদের দাবি। এইটা সাধারণ জনগণের দাবি। কারণ এই জাতীয়করণ যদি সফল হয় শুধু শিক্ষকরা যে উপকৃত হবে, এমন না। বরং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে নামমাত্র ২০ থেকে ৩০ টাকা মাসিক বেতন দিয়ে তারা তার সন্তানকে পড়াতে পারবে। অধ্যক্ষ আজিজী বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে বারবার যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন; তিনি একটি প্রোগ্রামের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে বলেছিলেন যে বিএনপি সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসে আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এখন পর্যন্ত জাতীয়করণের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, যে প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতির অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছ থেকে পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি আমরা।












