জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সাতশ’ পরিবার পেলো সিএমপির ত্রাণ

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আশ্রয়গ্রহণকারী সর্বমোট ৭০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারমধ্যে গত ১২ জুলাই রাতে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয়গ্রহণকারী ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। একইদিন রাতে খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহণকারী ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে আশ্রয়গ্রহণকারী ০৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে ১২টায় বায়েজিদ বোস্তামি থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুলে আশ্রয়গ্রহণকারী ১৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম। একই সময়ে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহণকারী ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপপুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন। ইপিজেড থানার বিভিন্ন এলাকায়ও দুর্যোগ কবলিত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধভেসে উঠছে সড়কের ক্ষয়ক্ষতি