চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভুটানে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান পার্লামেন্টারি ডায়ালগ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’–এ অংশ নিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল এ সাক্ষাৎ করেন।
দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে উচ্চপর্যায়ের এই সংলাপে রাজনৈতিক নেতা, মন্ত্রী, সংসদ সদস্য এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা মতবিনিময় করেন।
সংলাপে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারকেরা অংশ নিয়ে জলবায়ু সহনশীলতা, টেকসই জ্বালানি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উচ্চপর্যায়ের এই সংসদীয় সংলাপের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ভুটানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সাংয়ে খান্ডুও উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাঈদ আল নোমান আঞ্চলিক সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মতো আন্তঃসীমান্ত সংকট কোনো একক দেশের বিচ্ছিন্ন উদ্যোগে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, শুধু পৃথক পৃথক দেশের উদ্যোগ নয়, প্রয়োজন বৈশ্বিক সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগ। জলবায়ু সংকট কোনো সীমান্ত মানে না; তাই আমাদের সমাধানও সীমান্তে আটকে থাকা উচিত নয়।
সাঈদ আল নোমান বলেন, দক্ষিণ এশিয়া ক্রমেই অভিন্ন ও বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখোমুখি হচ্ছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসের পাশাপাশি দীর্ঘস্থায়ী খরা, পরিবেশের অবক্ষয় এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর বাড়তে থাকা চাপ পুরো অঞ্চলকে প্রভাবিত করছে। এসব সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন জাতীয় কৌশলের পরিবর্তে সমন্বিত ও আন্তঃসংযুক্ত আঞ্চলিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্য, সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











