জমিতে পড়ে ছিল লাশ : পরিবার বলছে হার্ট অ্যাটাক, ডাক্তারের ভাষ্য ভিন্ন

বোয়ালখালীতে পুলিশ হেফাজতে বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অশোক শীল (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি হৃদরোগে তার মৃত্যু হয়েছে, তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ধারণা করছেন অশোক শীল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে অশোকের মরদেহ হেফাজতে নেয় বোয়ালখালী থানা পুলিশ।

অশোক শীল বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শীল বাড়ির মৃত মণীন্দ্র লাল শীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তার ৪ মেয়ে রয়েছে।

পরিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে তিনি ছাগল আনতে বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন। বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় খুঁজতে গিয়ে জমিতে তাকে পড়ে থাকতে দেখা যায়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের ধারণা–তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক বলেন, বিকেলে অশোক শীল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে হস্তান্তরে দুই শর্ত, এমন কথা বলেনি ভারত : প্রতিমন্ত্রী শামা
পরবর্তী নিবন্ধজুলাই থেকে নিখোঁজ তরুণী, উখিয়ার বিলে মিলল রক্তাক্ত লাশ