জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মীরসরাইয়ে কৃষক দলের সম্মেলনে আসলাম চৌধুরী

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম ফারুক। গতকাল শনিবার মীরসরাই কলেজ মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিম উদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আসলাম চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী কৃষক দলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে জনগণের পাশে থাকতে হবে এবং আস্থা অর্জনে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি, চট্টগ্রাম১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এবং কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, আলমগীর হোসেন, গাজী নিজামসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।।

সম্মেলনে জানানো হয়, মোট ৯৫০ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে আশরাফ উদ্দিন ৪৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

দিনব্যাপী সম্মেলনে সকালে শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, ভোটগ্রহণ এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীলের বাসায় এমপি এনাম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাহাড় ধসের ঝুঁকিতে ৩০ হাজার মানুষ