জনগণকে ভুতুড়ে বিদ্যুৎ বিল নয়, স্বস্তি দিতে হবে : এরশাদ উল্লাহ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, জনগণের ওপর কোনোভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিল যাতে গ্রাহকদের পরিশোধ করতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরশাদ উল্লাহ বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাই জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়াই সরকারের প্রধান দায়িত্ব। তিনি দাবি করেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে এসেছে এবং এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন এবং পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন ধানের বীজ ও সার, সবজির বীজ এবং ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্‌ চৌধুরী ও মেহেদী হাসান সুজন।

পূর্ববর্তী নিবন্ধকামালে ইশকে মুস্তফা ফাজিল মাদরাসায় বৃক্ষরোপণ