ছোট ভাইয়ের বউয়ের ছুড়ে মারা পাথরে প্রাণ গেল ভাসুরের

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

চাচাতো ভাইয়ের বউয়ের ছুড়ে মারা পাথরের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ভাসুর সিএনজি চালক। মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া বাজার সংলগ্ন বাড়িতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এভাবে সিএনজি চালক আবুল হোসেন জাফরের (৫০) মৃত্যু ঘটে। এরপর এলাকায় পাল্টা উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্ত্রী রুনা আক্তার (৪২) বলেন, সকালে তার পুত্র ইমনের ( ২০) সাথে একই বাড়ির পার্শ্ববর্তী ঘরের চাচাতো দেবরের ছেলে রায়হানের (২০) ছক্কা খেলাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া হয়। আর সেই ঝগড়ার রেশ ধরে ওরা আমার দুই ছেলে ইমন ও প্রতিবন্ধী শাহাদাতের ওপর চড়াও হয়ে থাকে। দুপুরে আমার স্বামী বাড়িতে এলেই রায়হান তার জেঠাকে দা নিয়ে কোপাতে আসে। আবার আমার জা তারা বেগম একটি বড় আকারের পাথর আমার স্বামীর দিকে ছুড়ে মারে। কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যান। পার্শ্ববর্তী হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসার পর ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় বুক চাপড়ে আহাজারি করে তিনি বলেন, আমার স্বামী দুপুরে খেতে এসেছিল। কিন্তু খেতে পারলো না। ঘটনা শুনে আসা পাশের লোকজনসহ দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ছোট ভাইয়ের বউ তারা বেগম ( ৪২) কে আটক করে থানায় নিয়ে যায়। ততক্ষণে ভাইপো রায়হান (২০) বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এই বিষয়ে মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। পুরো ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শুধু ছক্কা খেলা থেকে সৃষ্ট ঝগড়া থেকে নয় পূর্বের ভিন্ন কোনো শত্রুতার রেশও থাকতে পারে বলে স্থানীয় অনেকে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কালভার্ট নির্মাণকালে পাহাড় ধস, ২ শ্রমিক নিহত