উখিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

স্বামী ও শাশুড়ি আটক

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

 

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী পারভিন আকতারকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম হাসপাতাল গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

ঘটনার পর অভিযান চালিয়ে পারভিনের স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানিয়েছেন। ওসি বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেলেন দুইজন
পরবর্তী নিবন্ধছোট ভাইয়ের বউয়ের ছুড়ে মারা পাথরে প্রাণ গেল ভাসুরের