কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধ চলছিল দুই ভাই নুরুল ইসলাম ও আবদুর রহিমের মধ্যে। ছোট ভাই পৈত্রিক জায়গা থেকে একটি গাছ কাটতে গেলে বাধা দেন বড় ভাই। বাধা উপেক্ষা করে ছোট ভাই একটি গাছ কেটে ফেললে বড় ভাইও দুটি গাছ কেটে নেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে তুমুল ঝগড়া। একপর্যায়ে ছোট ভাই ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই নুরুল ইসলাম (৫০)। গতকাল শুক্রবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ পাড়ায়। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আলী হোছনের ছেলে।
পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পরিবার সূত্র জানায়, খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায় পৈত্রিক বসতভিটার ভাগ–বাটোয়ারা নিয়ে নুরুল ইসলাম ও আবদুর রহিমের মধ্যে বিরোধ দেখা দেয়। বাবা মারা যাওয়ার পর নুরুল ইসলাম পৈত্রিক বসতভিটা ছেড়ে বসবাস শুরু করেন পাশের পূর্ব পাড়া ইউনিয়নে। শুক্রবার সকালে ছোট ভাই আবদুর রহিম পৈত্রিক ভিটা থেকে একটি গাছ কাটতে গেলে খবর পেয়ে ছুটে যান বড় ভাই নুরুল ইসলাম। এ সময় বড় ভাই সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত গাছ কাটতে নিষেধ করেন। কিন্তু এই নিষেধ না মেনে ছোট ভাই একটি গাছ কাটলে বড় ভাই নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও একজনের প্রাণ যাওয়ার মত ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, পৈত্রিক সম্পত্তির ভাগ–বাটোয়ারা নিয়ে বিরোধ চলাকালে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায় বড় ভাইকে। হামলার সময় বড় ভাইয়ের বুকে, পিঠে, পায়ে ও গলায় জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে হামলাকারী ছোট ভাই পলাতক রয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।











