নগরের আকবরশাহ থানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় এক মাদকসেবীর মারধরের শিকার হয়েছেন ওই স্কুলের সহকারী শিক্ষক। আহত স্কুল শিক্ষকের নাম মোজাহিদুল ইসলাম (৪১)। গত বুধবার ফিরোজ শাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত মাদকসেবী রাজুকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান। গ্রেপ্তার রাজু আকবরশাহর ফিরোজ শাহ এলাকার মৃত নজির আহমদের ছেলে।
এই ব্যাপারে আহত শিক্ষক মোজাহিদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা গেছে, গত বুধবার ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে রাজু নামে স্থানীয় এক মাদকসেবী কয়েকজন স্কুলছাত্রীকে ইভটিজিং করলে তারা বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলামকে জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত রাজু স্কুলের সহকারী শিক্ষককে মারধর করে। এ সময় তিনি মুখে আঘাত পেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে একইদিন এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
ফিরোজশাহ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা ইভটিজিংয়ের মুখোমুখি হবে এটা আমি কখনো কামনা করি না। এজন্য আমি স্কুল আঙ্গিনায় অপরিচিত কোনো লোক চলাফেরা করলে তাকে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করি। গতকাল যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।













